নিজস্ব প্রতিবেদক
গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট কোনো যুদ্ধের কারণে নয়, সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, বিদ্যুৎ সঙ্কটে মানুষ ঘরে আলো জ্বালাতে পারছে না, মোমবাতিই এখন অনেকের ভরসা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ সঙ্কটের প্রতিবাদে আয়োজিত মোমবাতি মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সঙ্কট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া, বিদ্যুৎ ও গ্যাসের বিলের ‘হিডেন চার্জ’ বন্ধ এবং জ্বালানি খাতের অব্যবস্থাপনা দূর করার দাবি জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, যুদ্ধের দোহাই দিয়ে সরকার বিদ্যুৎ ও গ্যাস সঙ্কটের দায় এড়াতে পারে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা অতীতেও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে দেশে যে বিদ্যুৎ সঙ্কট চলছে, তা সাধারণ কোনো সমস্যা নয়। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে সঙ্কটের সমাধান না হলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
ভারতের সাথে বিদ্যুৎ করিডোরের প্রসঙ্গ তুলে সেলিম উদ্দিন বলেন, দেশের মানুষ যখন বিদ্যুৎ সঙ্কটে অন্ধকারে থাকছে, তখন এ ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষ মেনে নেবে না। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী গণমুখী রাজনীতিতে বিশ্বাস করে। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দলটি কাজ করছে।
মিছিলে জামায়াত ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও অফিস সম্পাদক নাজিম উদ্দিন মোল্লা, মহানগরীর মজলিসে শূরা সদস্য কুতুবউদ্দিন, মিজানুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান : সেলিম উদ্দিন
জামায়াত শুধু রাজনৈতিক দল নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী। তারা মানুষের কল্যাণে কাজ করে।
গতকাল সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী হাতিরঝিল অঞ্চল কর্তৃক আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামী সেবামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঢাকা মহানগর উত্তর জামায়াতের পক্ষ থেকে বিনামূল্যে রক্তদান ও অ্যাম্বুলেন্স সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি টেলিমেডিসিন সেবাও চালু রয়েছে। রাজধানীকে ইসলামের আদর্শ ও ইনসাফের মানবিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি আরো বলেন, সমাজের ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ও ফাসাদ দূর করতে হবে। মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। এজন্য সব দায়িত্বশীলকে ঈমানি ও নৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ড.মুহাম্মদ রেজাউল করিম, বিশিষ্ট আলেমে দ্বীন ড.মাওলানা আবুল কালাম আজাদ বাশার, হেমায়েত হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জিল্লুর রহমান, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, নুরুল ইসলাম আকন্দ, আহসান উল্লাহ ও আবু সাঈদ মণ্ডল।


