ফরহাদ খান নড়াইল
নড়াইলের চিত্রা নদীর তীরে বহু প্রতীক্ষিত এস এম সুলতানের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ‘শিল্পী এস এম সুলতান ঘাট’ নির্মাণ ও সংগ্রহশালাটিকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে রূপান্তর করা আজও সম্ভব হয়নি।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী বলেন, শিক্ষায় অনগ্রসর নড়াইলে এস এম সুলতানের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়ন হবে।
শিক্ষক টিপু সুলতান ও বি এম মিজানুর রহমান জানান, চিত্রা নদীর পাড়ের দ্বিতল নৌকাঘাটটি (ভ্রাম্যমাণ শিশুস্বর্গ) পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হলেও ২০১৮ সালে কাজ শুরু হওয়ার পর অর্থের অভাবে তা বন্ধ হয়ে গেছে। বর্তমানে আগাছা ও জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে ‘শিল্পী এস এম সুলতান ঘাট’।
অন্যদিকে, প্রতিদিন দেশ-বিদেশ থেকে দর্শনার্থীরা সুলতানের আঁকা ২৩টি মূল ছবি ও রেপ্লিকা দেখতে এলেও, সংগ্রহশালাটি জনবল সঙ্কটে ভুগছে। কিউরেটর তন্দ্রা মুখার্জি জানান, জনবল নিয়োগের জন্য আবেদন করা হয়েছে, যা পূরণ হলে দর্শনার্থীদের আরো ভালো সেবা দেয়া সম্ভব হবে।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান জানান, সুলতান সংগ্রহশালাকে পর্যটনবান্ধব করতে প্রায় ছয় কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।



