রয়টার্স
ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী নেতা ও গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম উত্তর ইংল্যান্ডের একটি পার্লামেন্টারি আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই বিজয়ের মধ্য দিয়ে দেশের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ক্ষমতা থেকে সরানোর এক শক্তিশালী পথ তৈরি হলো। বিগত ৬০ বছরের ইতিহাসে এটিকে দেশটির সবচেয়ে প্রভাব বিস্তারকারী স্থানীয় নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
‘কিং অব দ্য নর্থ’ (উত্তরের রাজা) হিসেবে পরিচিত ৫৬ বছর বয়সী অ্যান্ডি বার্নহাম উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে ৫৪ দশমিক ৮০ শতাংশ ভোট পেয়ে বড় জয়ী হয়েছেন। অন্য দিকে নাইজেল ফারাজের পপুলিস্ট ‘রিফর্ম ইউকে’ পার্টির প্রার্থী ৩৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন। বার্নহামের এই প্রত্যাবর্তনের সরাসরি অর্থ হলো, তিনি এখন প্রধানমন্ত্রী স্টারমারকে পরিবর্তনের লক্ষ্যে দলের অভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনের লড়াইয়ের ডাক দিতে পারবেন অথবা নিজে সরাসরি তাতে অংশ নিতে পারবেন। স্টারমার বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম সর্বনিম্ন জনপ্রিয়তা নিয়ে তীব্র সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন।



