লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
টানা অতিবর্ষণ ও নদীর পানি বৃদ্ধিতে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান ও বিভিন্ন ধরনের সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পার-মল্লিকপুর, কোলা, দিঘলিয়া, তালবাড়িয়া, শালনগর, লাহুড়িয়াসহ বিভিন্ন এলাকার মাঠে এখন হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। ফলে সদ্য রোপণ করা আমন ধান ও সবজির ক্ষেত পুরোপুরি তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে বড় ধরনের ফসলহানির আশঙ্কা তৈরি হয়েছে।
লাহুড়িয়া গ্রামের পাটচাষি তবিবর রহমান জানান, চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। কিন্তু সোমবারের টানা বৃষ্টিতে পাটের আগা পর্যন্ত ডুবে গেছে, যা এখন কাটা নিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। কৃষক আছর আলী ও টিপু সরদার দ্রুত আবহাওয়া পরিবর্তনের আশা করছেন।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, বৃষ্টির কারণে অনেক কৃষিজমি তলিয়ে গেছে। কৃষি বিভাগের দল মাঠপর্যায়ে কাজ করছে। সরেজমিন পরিদর্শনের পর ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যাবে। যেসব জমিতে পানি বেশি, সেখানে কৃষকদের বিকল্প ফসল চাষের পরামর্শ ও পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়া হচ্ছে।



