সংসদ প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড় পায়নি, আপনারাও পাবেন না। বিএনপির কর্মকাণ্ড দেখে খালেদা জিয়া কবরে থেকেও লজ্জা পাচ্ছেন। সংসদে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
গতকাল মাগরিবের নামাজের আগে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল উত্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই বিলে সংশোধনী আনেন সরকারদলীয় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এটা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বিরোধীদলীয় সদস্যরা এই সংশোধনীর বিরোধিতা করলেও স্পিকার তা কণ্ঠভোটে পাস করে মাগরিবের নামাজের বিরতি দেন।
নামাজের বিরতির পরপরই সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদলীয় সদস্যসহ কথা বলতে যান। তখন তিনি জুলাই স্মৃতি জাদুঘর বিলটি মেনে নিতে আহ্বান জানান। তখন তার সাথে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহসহ বেশ কয়েকজন।
এ সময় সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলতে থাকেন, আপনারা অন্ধকারের দিকে যাচ্ছেন। গায়ের জোরে সবকিছু পাস করে নিচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা আপনাদের থেকেও বেশি ছিল। তারা টিকে থাকতে পারেনি। আপনারাও (বিএনপি) পারবেন না। আপনাদের আচরণ দেখে বেগম খালেদা জিয়া কবরে থেকেও লজ্জা পাচ্ছেন। আপনারা আওয়ামী লীগের থেকেও বেশি দলীয়করণ করছেন। দলীয়করণের সর্বোচ্চ সীমা অতিক্রম করছেন। আপনাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে।



