তিন শতাধিক মাদরাসাশিক্ষক দুই মাস বেতন পান না

Printed Edition

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘি উপজেলার ১৪টি এমপিওভুক্ত মাদরাসার প্রায় ৩০০ শিক্ষক-কর্মচারী গত মে ও জুন মাসের বেতন-ভাতা এখনো পাননি। টানা দুই মাস বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সঙ্কটে পড়েছেন তারা। কবে বেতন পাবেন, সে বিষয়ে সংশ্লিষ্ট দফতর থেকেও কোনো স্পষ্ট তথ্য জানানো হচ্ছে না।

শিক্ষকদের অভিযোগ, গত পবিত্র ঈদুল আজহার বোনাসও তারা ঈদের আগে পাননি। দীর্ঘ ছুটি শেষে বোনাসের টাকা হাতে পেলেও দুই মাসের বেতন না মেলায় অনেকেই ধারদেনা করে সংসার চালাচ্ছেন।

উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার ইসলামিয়া দাখিল মাদরাসার মৌলভী শিক্ষক মজিবুর রহমান বলেন, তাদের মাদরাসা থেকে কোনো বেতন দেয়া হয় না। সরকারের এমপিওভুক্ত বেতনের ওপরই পুরোপুরি নির্ভর করতে হয়। এবতেদায়ি (প্রাথমিক) শাখার একজন শিক্ষক মাসে সর্বোচ্চ ১৩ থেকে ১৪ হাজার টাকা পান। সেই সামান্য বেতন দিয়েই সংসার চালাতে হয় তাকে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, আদমদীঘির ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দাখিল ও আলিম পর্যায়ের ১৪টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে। এসব মাদরাসায় প্রায় ৩০০ শিক্ষক-কর্মচারী আছেন। অধিকাংশ প্রতিষ্ঠানে সরকারি বেতন ছাড়া আর কোনো আর্থিক সুবিধা নেই। ফলে শিক্ষা মন্ত্রণালয়ের বেতন-ভাতাই তাদের আয়ের একমাত্র উৎস।