রাজশাহী ব্যুরো
রাজশাহীতে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল সকাল সোয়া ১০টার দিকে তিনি টিটিসির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকরা তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে, তিনি এর কোনো জবাব দেননি।আসিফ নজরুল বলেন, ‘ওইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। আমি এখানে এসেছি টিটিসি দেখতে। রোববার লিগ্যাল অফিসে যাব, কোর্টে। এই দুইটা কাজে এসেছি। পরে কথা হবে।’
টিটিসি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম। এর আগে সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। এ সময় সেখানে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের জন্য রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা হন।



