নিরাপত্তা ইস্যুতে সরকারের সিদ্ধান্ত সঠিক : জাভেদ ওমর

Printed Edition

নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকার ভারতে টি-২০ বিশ^কাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল। আইসিসির ২৪ ঘন্টার আলটিমেটামকে পাত্তাই দেয়নি। তারা বরং শ্রীলংকায় গিয়ে খেলবে। কিন্তু ভারতে নয়। অন্যদিকে ভারত প্রভাবিত আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশ না খেললে অন্য দলকে নেবে। সে ক্ষেত্রে স্কটল্যান্ডের খেলার সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম গুল্লু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই ক্রিকেটার। এই অসুস্থতার মধ্যেই তিনি জানান, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত ঠিকই আছে। নিরাপত্তা হীনতায় কোনো দেশই অপর দেশে খেলতে যাবে না। তাই আমি বলবো সরকারের এই সিদ্ধান্ত সঠিকই।

তবে এরপরেই শংকার কথা জানান টেস্টে সেঞ্চুরী করা এই ব্যাটার। তার মতে, আইসিসিতে কিন্তু ভারতের দাপট। ভারতীয়দের আধিপত্য বেশী। তাই এই ইস্যুতে আইসিসি বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। তারা আমাদের কোনঠাসা করতে পারে। কারন বাংলাদেশের ক্রিকেট এখনও সেই পর্যায়ে যায়নি। আইসিসি ভবিষ্যতে ক্ষতি করতে পারে বাংলাদেশের। এরপরও বলবো নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সঠিক।