দেশের কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ৭৩তম জন্মদিন আজ। ১৯৫৪ সালের ৭ সেপ্টেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করা এই গুণী ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই গণমাধ্যমের সাথে সম্পৃক্ত হয়ে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে সব শ্রেণিপেশার মানুষের মধ্যে বিপুল গ্রহণযোগ্যতা লাভ করেন। পরবর্তীতে তার নিজস্ব পরিচালনাধীন টেলিভিশন চ্যানেল আইতে তিনি শুরু করেন কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’। নগরের মানুষদের কৃষিতে উদ্বুদ্ধ করতে তার ‘ছাদকৃষি’ অনুষ্ঠানটি এখন পরিণত হয়েছে এক সামাজিক আন্দোলনে। উন্নয়ন সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দেশের সর্বোচ্চ দু’টি রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ (১৯৯৫) ও ‘স্বাধীনতা পুরস্কার’ (২০১৮) লাভ করেন। খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে ভূমিকার জন্য ২০০৯ সালে তিনি জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার মর্যাদাপূর্ণ ‘এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড’ অর্জন করেন। এ ছাড়া তিনি গুসি পিস প্রাইজ, ব্রিটিশ হাউজ অব কমন্সের বিশেষ সম্মাননাসহ দেশ-বিদেশের অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।



