সংসদ প্রতিবেদক
দেশের শিল্পায়নকে আরো গতিশীল করা, শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: আবুল কালাম এমপির সভাপতিত্বে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, ব্যয় পরিকল্পনা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়।
বৈঠকে জানানো হয়, বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে চারটি করপোরেশন, ছয়টি অধিদফতর ও সংস্থা, দু’টি বোর্ড এবং দু’টি ফাউন্ডেশনসহ মোট ১৪টি দফতর ও সংস্থা দেশের শিল্পায়ন, শিল্প ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের মোট বাজেট এক হাজার ৬৯১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৬১ কোটি দুই লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় এক হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা।
সভায় জানানো হয়, এসব প্রকল্পের মধ্যে শিল্পপার্ক ও শিল্পনগরী স্থাপন, গুদামনির্মাণ, প্রযুক্তির আধুনিকীকরণ, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ অবকাঠামো সম্প্রসারণ এবং শিল্প খাতের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো: কেরামত আলী এমপি এবং আলফারুক আব্দুল লতিফ এমপি অংশগ্রহণ করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন করপোরেশন, দফতর, সংস্থা, বোর্ড ও ফাউন্ডেশনের প্রধানরা উপস্থিত ছিলেন।



