মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে ঘরে ঢুকে কাতারপ্রবাসীর স্ত্রী আইভী আক্তারকে (১৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যার পর আইভীর ব্যবহৃত একটি আইফোন নিয়ে পালিয়ে যায় তারা। নিহত আইভী সদর উপজেলার কালিকাপুর এলাকার আসলাম শরীফের মেয়ে ও শরীয়তপুরের বাসিন্দা কাতার প্রবাসী মো: ফেরদৌসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই আইভী তার চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন। প্রায় এক বছর আগে ফেরদৌসের সাথে আইভীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর ফেরদৌস কাতারে চলে যান। সম্প্রতি আইভী আক্তার চাচার বাড়িতে বেড়াতে আসেন।
মঙ্গলবার সন্ধ্যায় আইভীর আক্তারের চাচা কালাম শরীফ নামাজ পড়ার জন্য মসজিদে যান। পরিবারের অন্য সদস্যরা সবাই চিকিৎসকের কাছে যাওয়ায় বাড়িতে আইভী আক্তার একাই ছিলেন। নামাজ শেষে আইভী আক্তারের চাচা কালাম শরীফ ফিরে এলে দেখতে পান ঘরের মধ্যে আইভী আক্তার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আইভীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চুরির উদ্দেশ্যে নাকি পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত ও অভিযান চলছে।



