কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
ভরা মৌসুমেও পিরোজপুরের কাউখালীর কঁচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। দিন-রাত জাল ফেলেও অধিকাংশ জেলে ফিরছেন প্রায় খালি হাতে। ফলে দুই-চারটি ইলিশ ধরা পড়লেও বাজারে কম সরবরাহ থাকায় দাম বেড়ে গেছে কয়েকগুণ।
স্থানীয় বাজারে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকায়। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশের দামও প্রায় দুই হাজার টাকা। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় এই মাছ।
উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, কাউখালীতে প্রায় আড়াই হাজার ইলিশ শিকারি জেলে রয়েছেন। চলতি মৌসুমে পর্যাপ্ত মাছ না পাওয়ায় তাদের অনেকেই আর্থিক সঙ্কটে পড়েছেন বলে তারা জানান।
কঁচা নদীর জেলে কাউছার হোসেন ও সমীরণ বলেন, সারাদিন নদীতে থেকেও অনেক দিন একটি ইলিশও নিয়ে আসতে পারি না। যে দুই-একটি ইলিশ পাওয়া যায়, তা দিয়ে নৌকার জ্বালানি খরচও ওঠে না। সন্ধ্যা নদীর জেলে মজিবর ও হিরন জানান, ভরা মৌসুমে এমন পরিস্থিতি আগে খুব কমই দেখেছেন। বিকল্প কাজ না থাকায় অনেক পরিবার কষ্টে দিন কাটাচ্ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, প্রত্যাশা অনুযায়ী ইলিশ ধরা না পড়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণ করা হচ্ছে এবং জেলেদের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



