আগামীকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হবে। ২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ও নিন্দনীয় ঘটনার স্মরণে দিবসটি প্রতি বছর পালন করা হয়।
কালো দিবস পালন উপলক্ষে এ বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করবেন। এ ছাড়া বেলা ১১টায় ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।



