জাকাত নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদ ইসলামী দলগুলোর

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জাকাত নিয়ে বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির দেয়া বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামী সংগঠন। ইসলামের ফরজ বিধানকে অবজ্ঞা করে দেয়া বক্তব্যের ব্যাপারে ক্ষমা চাওয়ার আহ্বান জানান সংগঠনগুলোর নেতারা।

জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন এ নিয়ে বিবৃতি দিয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, নিলোফার চৌধুরী মনি ফরজ বিধান ও পবিত্র ইবাদত জাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করেছেন। তার এ বক্তব্য শুধু দুঃখজনকই নয়; বরং এটি দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানার শামিল।

তিনি বলেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনির উচিত অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা। একই সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে এ বিষয়ে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

হেফাজতে ইসলামের দফতর সম্পাদক আফসার মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, জাকাত আল্লাহর পবিত্র বিধান। এ পবিত্র বিধানকে কেন্দ্র করে কটূক্তি বা বিদ্রƒপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। হেফাজত মহাসচিব বলেন, বিএনপি নেত্রী নিলোফার মনির জাকাত নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হেফাজত মহাসচিব বলেন, ধর্মীয় বিষয় নিয়ে কথা বলার সময় সংযম, শ্রদ্ধা ও দায়িত্বশীলতা বজায় রাখুন, যাতে সমাজে সম্প্রীতি ও শান্তি অটুট থাকে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানেরা যেন মাঠে নামতে বাধ্য না হয়।

অন্য দিকে, এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং এটি অভাবীদের প্রাপ্য অধিকার ও সামাজিক বৈষম্য দূর করার একটি ঐশ্বরিক অর্থনৈতিক ব্যবস্থা।