লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। তিনি ঘোষণা দেন, যে বা যারা অবৈধ ড্রেজার বা বালুখেকোদের ধরিয়ে দিতে পারবেন কিংবা সুনির্দিষ্ট তথ্য দেবেন, তাকে ব্যক্তিগত পকেট থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
গত বুধবার সকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সালাম আজাদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, সর্বনাশা পদ্মার ভাঙনে লৌহজং থেকে ১০-১৫ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আদি বিক্রমপুরের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এখনো অবৈধভাবে বালু তোলার কারণে নদীপাড়ের জনপদ, কৃষি জমি ও সরকারি-বেসরকারি স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ সময় তিনি সমাজ থেকে সন্ত্রাসী, মাদক ও সব ধরনের দুর্নীতি নির্মূল করার শপথ নেয়ার আহ্বান জানান।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বোরহান-উল-ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা এম শুভ আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



