কুমিল্লা প্রতিনিধি
বয়স মাত্র সাত বছর। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী হলেও উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতায় সবাইকে বিস্মিত করেছে কুমিল্লার ক্ষুদে শিক্ষার্থী আশরাফুল ইসলাম মজুমদার আহনাফ। ইউটিউব দেখে ভাঙ্গাড়ির যন্ত্রাংশ সংগ্রহ করে নিজ হাতে তৈরি করেছে চার চাকার একটি ব্যাটারিচালিত গাড়ি, যার নাম দিয়েছে ‘বাংলা কার’।
কুমিল্লা নগরীর নানুয়ার দীঘিরপাড় এলাকায় আহনাফের বাসায় গিয়ে দেখা যায়, তার তৈরি গাড়িটি দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। বন্ধুদের নিয়ে গাড়িটি চালিয়ে দেখিয়ে আনন্দ ভাগাভাগি করছে সে। সম্প্রতি কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু গাড়িটি উদ্বোধন করেন।
আহনাফ জানায়, ইউটিউবে বিভিন্ন ধরনের গাড়ি ও বিজ্ঞানভিত্তিক নির্মাণের ভিডিও দেখে তার এমন একটি গাড়ি তৈরির আগ্রহ জন্মে। স্কুল শেষে প্রতিদিন সময় দিয়ে আশপাশের ভাঙ্গাড়ির দোকান থেকে স্টিল, লোহা ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে সে। পরে মোটর, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম কিনে প্রায় ২০ দিনের পরিশ্রমে তৈরি করে ফেলে তার স্বপ্নের ‘বাংলা কার’।
গাড়িটি তৈরিতে সহযোগিতা করেন তাদের গাড়িচালক ইমন আহমেদ। তিনি বলেন, যন্ত্রাংশ সংগ্রহ ও সংযোজনের কাজে সহায়তা করলেও পুরো পরিকল্পনা ও নকশা ছিল আহনাফের। তার আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা শুরু থেকেই মুগ্ধ করেছে।
আহনাফের বাবা মো: কবির হোসেন মজুমদার বলেন, ছোটবেলা থেকেই আহনাফ বিভিন্ন সৃজনশীল কাজে আগ্রহী হয়ে ওঠে। ইউটিউব দেখে ছোট ছোট বৈদ্যুতিক প্রকল্প তৈরি করে সে। চার চাকার একটি গাড়ি তৈরির ইচ্ছা প্রকাশ করলে আমরা তাকে প্রয়োজনীয় উৎসাহ ও সহযোগিতা করে। ভবিষ্যতে সে একজন দক্ষ প্রকৌশলী হবে বলে আশা প্রকাশ করেন।
প্রতিবেশীরা বলেন, বর্তমানে অধিকাংশ শিশু যখন মোবাইল ফোনে সময় কাটায়, তখন আহনাফের এমন উদ্ভাবনী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুরুতে বিষয়টিকে খেলাচ্ছলে নিলেও তার তৈরি করা গাড়ির কার্যকারিতা দেখে এখন সবাই বিস্মিত।
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো: সাইফুল ইসলাম বলেন, আহনাফের এই সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের। তার সৃজনশীল প্রতিভা বিকাশে বিদ্যালয় ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা করবে।
মাত্র দ্বিতীয় শ্রেণীতে পড়েই কার্যকর একটি ব্যাটারিচালিত গাড়ি তৈরি করে আহনাফ দেখিয়ে দিয়েছে, সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে শিশুরাও উদ্ভাবনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।



