স্কুলছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

Printed Edition

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ ও সঙ্ঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সৌরভ শেখকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সৌরভ উপজেলার বিলনাথুর গ্রামের বদর শেখের ছেলে।

পুলিশ জানায়, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৪ মে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে ডেকে নেয় সৌরভ। পরে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সহযোগীদের নিয়ে তাকে অপহরণ করে খড়িয়ারচাইল মাঠের একটি মাছের ঘেরে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করা হয়। আসামিরা ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করে এবং পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে গত ২২ মে শ্রীপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মামলার আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার সাথে জড়িত বাকি একজন আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।