আগডুম বাগডুম কবিতা গুলি

Printed Edition

বৃষ্টি পড়ে

নূরুল ইসলাম মনি

বৃষ্টি পড়ে ঘরের চালে

বৃষ্টি পড়ে ঘাসে

বৃষ্টি পড়ে নদীর পাড়ে

বৃষ্টি পড়ে বাঁশে।

বৃষ্টি পড়ে তমাল বনে

শিরীষ বনের পাশে

বৃষ্টি পেয়ে দিঘির বুকে

সাঁতার কাটে হাঁসে।

বৃষ্টি পড়ে বিলের জলে

নৌকা যখন ভাসে

বৃষ্টি দেখে খোকনসোনা

খলবলিয়ে হাসে।

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে

জ্যৈষ্ঠ আষাঢ় মাসে

বৃষ্টি এখন ক্ষণ মানে না

যখন তখন আসে।


বিশ্ব এখন বিশ্বকাপে

ইলহাম সাদি

বিশ্ব এখন

বিশ্বকাপে!

চারিপাশে হৈ-হুল্লোড়ে

ছুটছে মানুষ স্বপ্ন ধরে।

কাটছে সময় খেলার তাপে

বিশ্ব এখন

বিশ্বকাপে!

জিতবে কারা

হারবে কারা

তর্কে মাতাল বিশ্বপাড়া!

কেউ হাসে কেউ আত্মহারা।

মন পড়ে রয় খেলার চাপে

বিশ্ব এখন

বিশ্বকাপে!

খেলার ছলে

আবেগ গলে

দিচ্ছে সারা দলে দলে!

খেলার কথা সবাই বলে-

চলছে খেলা নিয়ম মাপে!

বিশ্ব এখন

বিশ্বকাপে!


বর্ষা রানি

এইচ এস সরোয়ারদী

বর্ষার কথা কই

আষাঢ় মাসে নদীর ঘাটে

জল করে থই থই।

বর্ষার কি যে রূপ

মিষ্টিমাখা হাসি আমায়

পাগল করে খুব।

বলি কেমন করে

বর্ষা এলে আমার এ মন

থাকে না আর ঘরে।

বিকেল হলেই বর্ষা রানি

আমার ঘাটে আসে

কেউ জানে না বর্ষা আমায়

কত্ত ভালোবাসে।


মেসি

মোহাম্মদ আবুল হোসেন

বিশ্বকাপ ফুটবলে

কত শত কৌশলে

গোল দেয় মেসি

উল্কার গতি তার

বল ছোটে ক্ষুরধার

জাল ছোঁয় বেশি।

ম্যাজিকের রাজা সে

বিপরীতে আছে যে

সেও মানে তারে

বিশ্বকাপ মেসিময়

এবারো কী হবে জয়

হবে বারে বারে?


বাবা আমার

সফিউল্লাহ আনসারী

আমার বাবা আমার কাছে

সবচেয়ে প্রিয় আপন

বাবা আমার জীবনজুড়ে

সুখের ছোঁয়া কাঁপন।

বাবা আছে ছায়ার মতো

আমার জীবন জুড়ে

বাবার স্নেহ ভালোবাসা

মনের মিহিন সুরে।

আমার বাবা এই জীবনে

সবার থেকে সেরা

মায়া-ছায়ায় জড়ানো তার

কোমল শাসন ঘেরা।


বৃষ্টি আসুক

রাসেদুল হাসান রাসেল

বৃষ্টি আসুক সবুজ মাঠে

বৃষ্টি আসুক দিঘির ঘাটে

বৃষ্টি আসুক পদ্ম বিলে

বৃষ্টি আসুক শাপলা ঝিলে।

বৃষ্টি আসুক কদম ডালে

বৃষ্টি আসুক পাখির দলে

বৃষ্টি আসুক সন্ধ্যা তারায়

বৃষ্টি আসুক পাড়ায় পাড়ায়।

বৃষ্টি আসুক ঘুমের দেশে

বৃষ্টি আসুক রানির বেশে

বৃষ্টি আসুক ধানের গন্ধে

বৃষ্টি আসুক গানের ছন্দে।


বর্ষা এলো

আবুবকর সালেহ

আষাঢ় এলো

ডাকল দেয়া

কদম কেয়া

ফুটলোরে

ব্যাঙের ছানা

জল নূপুরে

খাল পুকুরে

ছুটলোরে।

আষাঢ় এলো

বিষ্টি ঝরে

মনের ঘরে

বাজল গান

বিষ্টি এলো

টাপুর টুপুর

জলের নূপুর

সুরের তান।


বিশ্বকাপের হাওয়া

কাজী নাজরিন

চারিদিকে উত্তেজনা

বিশ্বকাপের হাওয়া

তর্কে তর্কে চলছে যুক্তি

ধাওয়া পাল্টা ধাওয়া।

জার্সি পরে ঘোরাঘুরি

চায়ের দোকান গরম

বিশ্বকাপের বইছে হাওয়া

উত্তেজনা চরম।