ক্রীড়া প্রতিবেদক
টপ অ্যান্ড টি-২০তে যেন নিজের চারপাশে এক অদৃশ্য ধোঁয়াশা তৈরি করেছেন মোহাম্মদ রুবেল। বল হাতে তার রহস্যের সমাধান খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষের ব্যাটাররা। এক ম্যাচে যা শুরু হয়েছিল, পরের ম্যাচে তা হয়ে উঠেছে ধারাবাহিকতা। আর গতকাল তৃতীয় ম্যাচে এসে সেটি যেন রীতিমতো আতঙ্কের গল্প! প্রথম ম্যাচে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে তিন উইকেট আর তৃতীয় ম্যাচে চার উইকেট নিয়ে মোট ১১ উইকেট তার ঝুলিতে।
ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমির বিপক্ষে বাংলাদেশ এইচপির ৫ উইকেটের জয়ে আবারো আলোচনায় রুবেল। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট। তার ঘূর্ণিতে ভিক্টোরিয়ার ইনিংস থেমেছে ১৯.১ ওভারে মাত্র ১৩১ রানে। জবাবে ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ইরফান শুক্কুরের দল। আজ টানা চতুর্থ দিনে বাংলাদেশ এইচপি পরের ম্যাচ খেলবে অ্যাডিলেইড স্ট্রাইকার্স অ্যাকাডেমির বিপক্ষে।
টুর্নামেন্টে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ এইচপি এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। আর সেই তিন জয়ের প্রতিটিতেই গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন রুবেল। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার ৩০ বছর বয়সী এই স্পিনার। ভিক্টোরিয়ার ইনিংসের শুরুতেই রুবেলের আঘাত। দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন তিনি, এরপর নিজের স্পেলের মধ্যেই তুলে নেন আরো উইকেট। তার সাথে রাকিবুল হাসানও যোগ দেন বিধ্বংসী বোলিংয়ে। দু’জন মিলে ভিক্টোরিয়ার সাতটি উইকেট তুলে নিয়ে কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে তুলে দেন!
তবে একেবারে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করেনি ভিক্টোরিয়া। অধিনায়ক স্যাম হার্পার একপ্রান্ত আগলে রেখেছিলেন। উইল সাদারল্যান্ডের ২৫ বলে ৩০ রানের পর হার্পারই হয়ে ওঠেন শেষ ভরসা। বাংলাদেশের বোলারদের ওপর শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে ৩৬ বলে ৪৯ রান করেন তিনি। কিন্তু শেষ ব্যাটার হিসেবে তার বিদায়ের সাথে সাথেই ভিক্টোরিয়ার ইনিংসও শেষ হয়ে যায় ১৩১ রানে।
জবাবে কোনো রান যোগ হওয়ার আগেই হাবিবুর রহমান সোহান ফিরে যান। এরপর জিসান আলম ও আরিফুল ইসলামও দ্রুত বিদায় নেন। আগের ম্যাচের জয়ের নায়ক সাব্বির রহমানের কাছ থেকে এবার ৫ রানের বেশি পাওয়া যায়নি। তখন বাংলাদেশের ইনিংসেও শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেই জায়গা থেকেই ম্যাচের চিত্র বদলে দেন অধিনায়ক ইরফান শুক্কুর ও শামীম হোসেন পাটোয়ারি। দু’জনের ৮৩ রানের জুটি ভিক্টোরিয়ার ম্যাচে ফেরার দরজা বন্ধ করে দেয়। ৩২ বলে ৪৩ রান করে শুক্কুর ফিরলেও শামীম ৩৩ বলে দু’টি চার ও তিনটি ছক্কায় ৫১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া অ্যাকাডেমি : ১৯.১ ওভারে ১৩১ (রজার্স ১৩, ব্ল্যাকফোর্ড ১১, সাদারল্যান্ড ৩০, হার্পার ৪৯, আবু হায়দার ০/২৬, রুবেল ৪/১৫, সাকলাইন ১/৩১, রিপন ১/৩০, রাকিবুল ৩/২৮)।
বাংলাদেশ এইচপি : ১৭.২ ওভারে ১৩৬/৫ (সোহান ০, জিসান ৯, আরিফুল ১৫, সাব্বির ৫, ইরফান ৪৩, শামীম ৫১*, সাকলাইন ৬*; হোকস্ট্রা ২/১৫, আয়ান ১/১৩, এলিয়ট ১/২৯, স্টো ১/২৬)।
ফল : এইচপি দল ৫ উইকেটে জয়ী।



