আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সববায়মন্ত্রী (এলজি আরডি) ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তা জনগণের ভোটে। গতকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তারেক রহমান ১৭ বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্র উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন।
ড. মঈন বলেন, ছয় মাস আগে যে মন্ত্রীসভা গঠন করা হয়েছিল এটা সারাবিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি (প্রধানমন্ত্রী) মন্ত্রীসভায় সংযোজন করেন।
এর আগে সারা দেশের সমগ্র মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়েছিল, যখন এই স্বাধীনতা যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, তখন যে রাজনৈতিক দল নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবী করে, তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো আজ বলতে হয় নতুন প্রজন্মের জন্য, কেননা আজকে আমরা দেখেছি যে, বারবার বাংলাদেশের গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য।
এ সময় নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরীসহ নব নিযুক্ত অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।



