যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নামছে হাউছিরা

Printed Edition

সিএনএন

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার সরাসরি যুদ্ধে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এক ‘অবহিত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, হাউছিরা এখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ নেয়া এখন তাদের জন্য সময়ের ব্যাপার মাত্র বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিদ্রোহী গোষ্ঠীটি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইল-সংশ্লিষ্ট শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। শুধু ইসরাইলই নয়, তারা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করেছে, যার ফলে বৈশ্বিক পণ্য পরিবহনে বড় ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। পশ্চিমা নৌবাহিনীগুলো লোহিত সাগরে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করার চেষ্টা করলেও হাউছিদের এই নিয়মিত আক্রমণ ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাব আল-মান্দাব প্রণালীটি ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার মধ্যে সংযোগ রক্ষাকারী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।