বান্দরবান প্রতিনিধি
নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে বান্দরবানে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পাঠাগারটির উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং, জুলাই ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবালসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
উদ্বোধন উপলক্ষে পাঠাগারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জুলাই ছাত্র আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও জ্ঞানচর্চার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।



