সুইজারল্যান্ডের ‘এক্সেলেন্সি এজি’র সাথে অ্যাফিলিয়েশনের ঘোষণা এস আর ইসলাম অ্যান্ড কোং-এর

Printed Edition
রাজধানীর একটি হোটেলে এস আর ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত
রাজধানীর একটি হোটেলে এস আর ইসলাম অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার অন্যতম পুরনো প্রতিষ্ঠান এস আর ইসলাম অ্যান্ড কোং তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। একই অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক পেশাদার নেটওয়ার্ক এক্সিলেন্স এজির সাথে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সদস্যপদ ও আন্তর্জাতিক অ্যাফিলিয়েশনের ঘোষণা দেয়া হয়।

গত মঙ্গলবার রাতে রাজধানীর হোটেল ফার্স ইন্টারন্যাশনাল লিমিটেডে ‘আস্থা, শ্রেষ্ঠত্ব ও প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা, অর্থনীতিবিদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। স্বাগত বক্তব্যে এস আর ইসলাম অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার শাইফুল আলম এফসিএ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম সর্দার রবিউল ইসলাম এফসিএ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭৮ সালের ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সততা, পেশাগত নৈতিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। তিনি জানান, প্রতিষ্ঠাতা সর্দার রবিউল ইসলাম পেশাগত জীবনে নীতির প্রশ্নে কখনো আপস করেননি এবং সমাজকল্যাণে নিজের সম্পদের একটি বড় অংশ ওয়াকফ করে গেছেন। সেই আদর্শ ধারণ করেই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পরিসরে এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হলো প্রতিষ্ঠান

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক্সিলেন্স এজির অনারারি প্রেসিডেন্ট মার্টিন শার্প এস আর ইসলাম অ্যান্ড কোংকে তাদের বৈশ্বিক নেটওয়ার্কের স্বাধীন সদস্য হিসেবে স্বাগত জানান।

তিনি বলেন, বর্তমানে প্রায় ৫০টি দেশে ২০০টিরও বেশি স্থানে এক্সিলেন্স এজির কার্যক্রম রয়েছে। দক্ষিণ এশিয়ায় এ নেটওয়ার্কের সম্প্রসারণ জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের পেশাগত সেবা প্রদানে নতুন সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অ্যাফিলিয়েশনের ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ব্যয় দাবি করতে পারবে এবং অপ্রয়োজনীয় জটিলতা কমবে।

তিনি বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ সম্পদের যথাযথ মূল্যায়নের ঘাটতি। এ সমস্যা সমাধানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভ্যালুয়েশন কার্যক্রমে আরো সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

করপোরেট প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) যাতে ব্যবস্থাপনার অযাচিত চাপ ছাড়াই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে এফআরসি শিগগিরই একটি নির্দেশনা জারি করবে বলেও তিনি জানান।

ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বির আহমেদ এফসিএ বলেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্মগুলো শুধু অডিটই করে না; দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ছোট ও মাঝারি অডিট ফার্মগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আইসিএবির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মো: কাউসার আলম এফসিএমএ প্রতিষ্ঠানের ৪৭ বছরের পথচলাকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অ্যাফিলিয়েশনকে স্বাগত জানান। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সদস্য মিজানুর রহমান এফসিএস বলেন, এস আর ইসলাম অ্যান্ড কোং-এর সবচেয়ে বড় শক্তি তাদের পেশাগত নৈতিকতা ও নির্ভরযোগ্যতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, দেশের অর্থনীতির সম্প্রসারণের তুলনায় দক্ষ পেশাদার অ্যাকাউন্ট্যান্টের সংখ্যা এখনো অপর্যাপ্ত। তিনি আন্তর্জাতিক মানের পেশাজীবী তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর আরো কার্যকর ভূমিকার আহ্বান জানান। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মনোয়ার আহমেদ রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি এবং এনবিআর ও অডিট ফার্মগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সাবেক কর কমিশনার নুরুজ্জামান খান বলেন, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিসি) চালুর ফলে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। তার মতে, একটি নির্ভুুল ও বিশ্বাসযোগ্য অডিট রিপোর্ট দেশের বিনিয়োগ পরিবেশ ও রাজস্ব ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে সহায়ক।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইউনাইটেড অ্যান্ড ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন এবং কৃষিবিদ ফার্ম মেশিনারির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু মোস্তফা কামাল। তারা প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘদিনের সেবার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।