সরকার মাজহারুল মান্নান রংপুর ব্যুরো
আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সাজা দেয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা ও যৌক্তিকতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আারা। গতকাল রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে ফৌজদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন ২০২৬-এর সুপারিশকৃত বিলের খসড়া নিয়ে সেমিনারে এই মন্তব্য করেন তিনি।
আইন কমিশনের সচিব (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সোবহানির উপস্থাপনায় বক্তব্য রাখেন রংপুর জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন আইন কমিশনের গবেষণা কর্মকর্তা অতিরিক্ত জেলা ও দয়রা জজ মোছাম্মদ মনিরা সুলতানা।
বিচারপতি জিনাত আরা আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধের বিচারে সর্বোচ্চ স্বচ্ছতা ও যৌক্তিকতা নিশ্চিত করতে ‘ফৌজিদারি অপরাধের দণ্ড নিরূপণ (নীতি ও পদ্ধতি) আইন ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। একটি রাষ্ট্রের মূল দর্শনের অন্যতম ভিত্তি হলো সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিরোধ নিরসনে একটি কার্যকর বিচারিকব্যবস্থা গড়ে তোলা। আর সেজন্যই অপরাধের দণ্ড নির্ধারণের নীতি ও পদ্ধতি নির্ধারণে আইন প্রণয়নের সম্ভাব্যতা যাচাইয়ে সব পক্ষের মতামত নেয়া হচ্ছে।
সেমিনারে জেলার বিচারক, আইনজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের স্টেকহোল্ডাররা অংশ নেন।



