সিলেট ব্যুরো
- অনুমোদন-অপেক্ষমাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশনা মন্ত্রীর
- মাস্টারপ্ল্যান বাস্তবায়নে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট’ গড়ার প্রত্যাশা
সিলেটকে আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে মাস্টারপ্ল্যান দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে সিলেট নগরীর উন্নয়নসংক্রান্ত এক সভায় তিনি বলেন, জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ন ও বিশুদ্ধ পানির সঙ্কটের স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।
একই সাথে অনুমোদনের অপেক্ষায় থাকা উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন তিনি।
সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সড়ক যোগাযোগের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘জলাবদ্ধতা, যানজট, অপরিকল্পিত নগরায়ণ ও বিশুদ্ধ পানির সঙ্কটের স্থায়ী সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে। সরকার সিলেটকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিলেট’ গড়ার লক্ষ্য বাস্তবে রূপ নেবে। সম্প্রসারিত এলাকাসহ পুরো
নগরকে আধুনিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব শহরে পরিণত করতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে।
তিনি জানান, চলতি মৌসুমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা হয়নি। একই সাথে পয়োনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধার এবং পরিবেশ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশাসক আরো বলেন, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে সড়ক, ড্রেনেজ, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমন্বিত পরিকল্পনার আওতায় বাস্তবায়ন করা সম্ভব।
সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: আলী আকবর, ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জগলুল, মোহাম্মদ রাশেদুজ্জামান রিষি, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ তানভীর আহমদ মোল্লাসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



