যুদ্ধবিরতি নিশ্চিতে রোমে লেবানন-ইসরাইল বৈঠক

Printed Edition

রয়টার্স

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনার আবহেই এবার লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে রোমে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন লেবানন ও ইসরাইলের প্রতিনিধিরা। গত মাসে ওয়াশিংটনে সই হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির ওপর ভিত্তি করে মূলত এই আলোচনা এগোচ্ছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার রোমে অবস্থিত মার্কিন দূতাবাসে এই হাই-প্রোফাইল বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমানে ইসরাইলি বাহিনী লেবানন সীমান্ত পেরিয়ে প্রায় ১০ কিলোমিটার ভেতরে ঢুকে একতরাফাভাবে একটি নিরাপত্তা বলয় বা বাফার জোন গড়ে তুলেছে। তেল আবিবের দাবি, উত্তর ইসরাইলের জনপদগুলোকে হিজবুল্লাহর সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত রাখতেই এই ব্যবস্থা। তবে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে গড়ে তোলা এই বাফার জোন নিয়ে দীর্ঘদিন ধরেই তীব্র টানাপোড়েন চলছে। গত ২৬ জুন ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সংকট নিরসনে একটি খসড়া সমঝোতা তৈরি হয়েছিল। তাতে লেবানন সংঘাতের অবসান, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননে সরকারি সেনাবাহিনী মোতায়েন এবং পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্ত অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ওয়াশিংটন চুক্তির পরও সীমান্তে ইসরাইলের প্রাণঘাতী হামলা থামেনি। অন্যদিকে হিজবুল্লাহও আত্মরক্ষার তাগিদে নিরস্ত্রীকরণের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।