নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ১৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে।
গতকাল শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ গভীর রাতে সংঘবদ্ধ দু’টি ডাকাত দল বনপাড়ায় নির্মাণাধীন পাওয়ার গ্রিডে হামলা চালায়। এ সময় সেখানে কর্মরত চারজন পাহারাদারকে বেঁধে রেখে প্রায় এক কোটি ৯৩ লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন বড়াইগ্রাম থানায় মামলা হলে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে গত ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারদের কাছ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারি সেল, ১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



