সংসদ প্রতিবেদক
জাতীয় সংসদ ভবন লেকে রুই, কাতলা ও কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির ৪৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে গতকাল রোববার এ পোনা মাছ অবমুক্ত করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় মৎস্য অধিদফতরের উদ্যোগে সংসদ ভবন লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্তকরণে অংশ নেন।
এ সময় হুইপবৃন্দ, সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



