কাঠমান্ডু পোস্ট
নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে। নিখোঁজের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজারেরও বেশি। এ দিকে নয় দিন পেরিয়ে যাওয়ার পরও স্বজনদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাদের জন্য প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু করেছেন।
গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যা উত্তর ও মধ্য নেপালের শহর ও গ্রামগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোতে কোশি নদীর বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৫৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৮৩ জন।
জানা যায়, বন্যাকবলিত এলাকাগুলোতে নিখোঁজ স্বজনদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসায় পরিবারের সদস্যরা কুশ ঘাস দিয়ে প্রতিকৃতি তৈরি করে তাদের শেষকৃত্য সম্পন্ন করতে শুরু করেছেন। রাসুয়া জেলার পাহারেবেসি গ্রামে এ চিত্র দেখা যায়।
চিতওয়ান জেলা থেকে ৩৫৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নওয়ালপরাসি পূর্ব থেকে ২১৮টি এবং নওয়ালপরাসি পশ্চিম থেকে ২১২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ভারত থেকে উদ্ধার করে নওয়ালপরাসি পশ্চিমে হস্তান্তর করা হয়েছে ১৮টি লাশ। এ ছাড়া নুয়াকোট থেকে উদ্ধার করা হয়েছে ১৭৭টি লাশ। একইভাবে রাসুয়া জেলা থেকে ১২৭টি, গোর্খা থেকে ৭২টি, ধাদিং থেকে ৬০টি এবং তাহানু থেকে ৩৮টি লাশ উদ্ধার করা হয়েছে।
চীনের অংশে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরং কাউন্টিতে বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এখনো সেখানে ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। নেপাল সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ উদ্ধারকারী দল বৃহস্পতিবার নবম দিনের মতো অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
বন্যায় রাসুয়া ও নুয়াকোটের উপত্যকাগুলোর ভূপ্রকৃতি বদলে গেছে। নদীর তীর ও পরিচিত বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় চলাচলের সময় হেলিকপ্টারচালকদের নিজেদের অভিজ্ঞতা ও বিচক্ষণতার ওপর নির্ভর করতে হচ্ছে।
ভারত থেকে যাওয়া টানেল উদ্ধারকারী দল চিলিমে পাওয়ার হাউসে উদ্ধার অভিযান পরিচালনায় নেপালের সেনাবাহিনীর সাথে কাজ করছে। বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রদূত ভারতীয় টানেল উদ্ধারকারী দলের ঘাঁটি পরিদর্শন করেন। তিনি বলেন, পরিস্থিতি কঠিন হলেও ভারত ও নেপালের দল দু’টি ‘বাধাহীনভাবে’ তাদের কাজ চালিয়ে যাবে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে ভারত ও নেপালের দল দু’টি ইতোমধ্যে টানেলের ভেতরে ১০০ মিটার পর্যন্ত অনুসন্ধান চালিয়েছে। টানেলের আরো ভেতরে অগ্রসর হতে তারা ভারী সরঞ্জাম আনার পরিকল্পনা করছে।
এ দিকে ভোতে কোশি নদীর উজানের এলাকায় টানা বৃষ্টি হওয়ায় ভোতে কোশি ও ত্রিশূলী নদীর পাশাপাশি রাসুয়া ও নুয়াকোট জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট নদী ও খালের পানি বাড়তে পারে বলে জানিয়েছেন জলবিদ্যা ও আবহাওয়া বিভাগের বন্যা পূর্বাভাস বিভাগের প্রযুক্তিবিদ সরস্বতী বিষ্টা।
নদীসংলগ্ন ও ভাটির এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, মূলত পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থিত নদীগুলোতে মাঝারি মাত্রার আকস্মিক বন্যার ঝুঁঁকি রয়েছে।
এ দিকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো ভয়াবহ এ বন্যাকে ‘হিমালয়ান সুনামি’ হিসেবে উল্লেখ করেছেন। এ কঠিন সময়ে সহায়তা ও সংহতি প্রকাশের জন্য প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর কয়েক দিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খানাল চীন, যুক্তরাষ্ট্র ও ভারতকে বিশ্বের সবচেয়ে বড় তিন গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, নেপালের মতো ঝুঁঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে তাদের ‘ঐতিহাসিক দায়িত্ব’ রয়েছে। প্রতিবেশী দেশ, বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বৃহস্পতিবার খানাল বলেন, ‘এ বিষয়ে নেপাল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখবে।’ আন্তর্জাতিক ও দেশীয় সহায়তা যখন অব্যাহতভাবে আসছে, তখন নেপালের স্কুলশিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের পকেটমানির একটি অংশ দান করে সহায়তায় এগিয়ে এসেছে।



