খানসামা (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের চাষি রবিউল ইসলামের ক্ষেতের তরমুজ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ৬০-৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল। গত রোববার সকালে সরেজমিন তরমুজ ক্ষেতে গিয়ে দেখা যায়, কাটা অবস্থায় তরমুজগুলো নষ্ট হয়ে পড়ে আছে।
উল্লেখ্য, ‘মাচায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল চাষিরা, বাড়ছে আগ্রহ’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে রবিউল ইসলামের সাফল্যের কথা প্রকাশ পায়। পত্রিকায় নিউজ পকাশের মাত্র তিন দিন পরই তার ক্ষেতের তরমুজ কেটে দেয়ার ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম বলেন, ‘শুক্রবার গভীর রাত পর্যন্ত ক্ষেতে ছিলাম। সকালে দেখি মাচার নিচে ও উপরে প্রায় তিন শতাধিক তরমুজ কেটে ফেলেছে। অনেক গাছও কেটে নষ্ট করেছে। শত্রুতার জেরে কেউ এমন কাজ করেছে বলে মনে হচ্ছে। লাভের আশায় চাষ করেছিলাম, এখন মূল টাকাটাও উঠবে না।’
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কৃষকের এমন পরিশ্রমের ফল নষ্ট করা অন্যায়। কৃষককে সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
খানসামা থানা ওসি নজমূল হক বলেন, ‘এমন ঘটনা অপ্রত্যাশিত। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’



