রাজধানীতে ডিএমপির অভিযান

অবৈধভাবে ফুটপাথ ও সড়ক দখল করায় জেল-জরিমানা

Printed Edition
ঢাকা জিপিওর সামনে পুলিশের নির্দেশে ফুটপাথের ব্যবসায়ীরা বসেনি। তাই জিরোপয়েন্ট এলাকায় গতকাল ছিল না যানজট। ফলে পথচারীরা ফুটপাথ দিয়ে অবাধে হাঁটার সুযোগ পান : নাসিম সিকদার
ঢাকা জিপিওর সামনে পুলিশের নির্দেশে ফুটপাথের ব্যবসায়ীরা বসেনি। তাই জিরোপয়েন্ট এলাকায় গতকাল ছিল না যানজট। ফলে পথচারীরা ফুটপাথ দিয়ে অবাধে হাঁটার সুযোগ পান : নাসিম সিকদার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাথ ও সড়ক অবৈধভাবে দখলের বিরুদ্ধে সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। গতকাল দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ফুটপাথ ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অভিযানে এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জনকে গ্রেফতার করা হয় এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়েরসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে ধোলাইপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় সাত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলা মোটর সিগন্যাল পর্যন্ত অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৪৯টি ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাসানটেক এলাকায় পরিচালিত অভিযানে ছয় ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ট্রাফিক মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেফতার করা হয়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাথ ও সড়ক থেকে মালামাল অপসারণে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

ট্রাফিক গুলশান বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে প্রায় ৫০টি দোকানকে সতর্ক করা হয় এবং বিধি লঙ্ঘনের অপরাধে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা পরিচালনার করায় দোকানদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

জনসাধারণের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ট্রাফিক বিভাগের।