দিনুশার সেঞ্চুরিতেও পিছিয়ে শ্রীলঙ্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আগের দিনের ৯ উইকেটে ৪৬০ রানের সাথে গতকাল ২ রান যোগ করতেই অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে একশ’র আগে পাঁচ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়ে শ্রীলঙ্কা। চরম বিপর্যয়ের মুখে নিরোশান ডিকওয়েলাকে নিয়ে প্রায় দেড়শ’র কাছাকাছি জুটিতে দলকে উদ্ধার করেন সোনাল দিনুশা। ডিকওয়েলা আউট হলেও প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন সোনাল। কিন্তু তাতেও প্রথম ইনিংসে ২৮৪ রানেই থেমে গেল স্বাগতিক দল। এতে প্রথম ইনিংসে ১৭৮ রানে এগিয়ে থাকল ভারত।

গল টেস্টে প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানের জবাবে ৯০ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে দিনুশা ও ডিকওয়েলা যোগ করেন ১৪৬ রান। শেষ পর্যন্ত ৭৯.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট হওয়ার পর আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা। স্বাগতিকদের অলআউট করতে বড় অবদান ছিল ভারতের দুই বাঁহাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ও মানাভ সুতারের। ৪টি উইকেট নেন মানভ ও জাদেজা ৩টি উইকেট পুড়েন নিজের ঝুলিতে।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মোহাম্মাদ সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে প্রথম স্লিপে ধরা পড়েন নিশান মাধুশকা। অষ্টম ওভারে ফিরলেন দিনেশ চান্দিমালও। এরপর ১৫ বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন লাহিরু উদারা ও কামিন্দু মেন্ডিস। ৫৯ রানে নেই ৪ উইকেট। পঞ্চম উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা ও দিনুশা প্রতিরোধের চেষ্টা করলেও তাদের জুটি ভাঙে ৩১ রানে। ৫ উইকেটে ৯৯ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা। সেই সাথে শঙ্কা জেগেছিল ফলোঅনে পড়ারও। কিন্তু বিরতি থেকে ফিরে প্রতিরোধ গড়েন দিনুশা ও ডিকওয়েলা। দ্বিতীয় সেশনের পুরোটা কাটিয়ে দেন দু’জন। তৃতীয় সেশনের পঞ্চম ওভারে ২১৭ বল স্থায়ী জুটি ভাঙেন প্রসিধ কৃষ্ণা। কিপারকে ক্যাচ দিয়ে ফেরেন ৮০ রান করা ডিকওয়েলা। এতে করে প্রথম টেস্ট শতকের অপেক্ষা আরো দীর্ঘ হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।

কোনো শতক ছাড়া তার ২৩টি ফিফটি রেকর্ড, যে রেকর্ডে তার অনেকটা পেছনে থেকে এই তালিকায় দুই নম্বরে আছেন ভারতের চেতন চৌহান (১৬টি)। কোনো শতক ছাড়া ডিকওয়েলার (দুই হাজার ৮৩৭) চেয়ে বেশি টেস্ট রান আছে একমাত্র স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের (তিন হাজার ১৫৪)।

১৬৭ বলে শতকের ঠিকানায় পৌঁছে যান দিনুশা। সেখানেই তার ইনিংস থামিয়ে দেন জাদেজা। এর আগে-পরে দুই ওভারে জয়সুরিয়া ও লাহিরু কুমারার উইকেট নিয়ে শ্রীলঙ্কা ইনিংস গুটিয়ে দেন সুতার।