রোনালদোর নতুন অধ্যায়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছেছেন। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টারের সদ্য সমাপ্ত বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। মাঠের সাফল্যের পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

ফুটবলের গণ্ডি পেরিয়ে এবার হলিউডে অভিষেক হচ্ছে রোনালদোর। ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত একটি সিরিজে অভিনয় করতে দেখা যাবে তাকে। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেললেও ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানো সময়ই তাকে বিশ্বজুড়ে বিশেষ পরিচিতি এনে দেয়। নতুন এই সিরিজে তার সেই সময়ের নানা দিক তুলে ধরা হবে।

শুধু রোনালদোই নন, সিরিজটিতে অভিনয় করবেন আর্সেনালের সাবেক ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিও।

অভিনয়ের পাশাপাশি সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো। সম্প্রতি তিনি নিজস্ব একটি প্রোডাকশন হাউজ প্রতিষ্ঠা করেছেন, আর সেই প্রতিষ্ঠান থেকেই সিরিজটির প্রযোজনা করা হচ্ছে। নতুন এই যাত্রা নিয়ে রোনালদো বলেন, এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। আমরা সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। আশা করি দর্শকরাও সিরিজটি উপভোগ করবেন।