ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’

Printed Edition

বরিশাল ব্যুরো

ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালের উদ্যোগে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় হাসপাতালের কনসালটেশন জোনে এ উৎসবের আয়োজন করা হয়। হাসপাতালের সুপারিনটেনডেন্ট বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: আলতাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক মা ও শিশু অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গাইনি ও শিশু বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা, পুষ্টি ও সুস্থ বিকাশের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডা: মাহমুদ হাসান খান, গাইনি বিশেষজ্ঞ ডা: সাবরিনা সুধা ও ডা: কাজী তৌকিয়া রহমান (রূপা), এনেস্থেশিয়া বিশেষজ্ঞ ডা: জিয়াউর রহমান এবং হাসপাতালের আরএমও ডা: ফারহানা সিদ্দিকা আশা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ আবদুল কুদ্দুস। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিসার-১ (প্রশাসন) আশিকুল হায়দার মানিক।

বক্তারা বলেন, শৈশবে একটি শিশুর মনে যে মূল্যবোধ ও আচরণের ছাপ পড়ে, তা পরবর্তী জীবনে তার ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নৈতিক ও আদর্শবান সন্তান গড়ে তুলতে বাবা-মাকে নিজেদের আচরণ ও জীবনাচরণের মাধ্যমে সন্তানের জন্য আদর্শ হতে হবে। হৃদয়ের শান্তি ও চোখের শীতলতাকারী সন্তান শুধু দোয়া ও আকাক্সক্ষার মাধ্যমে তৈরি হয় না। শিশুকে মোবাইল ও ফাস্টফুড থেকে দূরে রাখতে পরামর্শ দেয়া হয়। সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে বাবা-মাকে ব্যস্ততার মধ্যেও তাদের জন্য পর্যাপ্ত ‘কোয়ালিটি টাইম’ দিতে হবে এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।