মিডিয়া টাইকুইন জিমি লাইকে হংকংয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ব্রিটিশ নাগরিক লাইকে গত ডিসেম্বরে বিদেশী শক্তির সাথে যোগসাজশের ষড়যন্ত্রের দু’টি অভিযোগ এবং রাষ্ট্রদ্রোহমূলক প্রকাশনার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
৭৮ বছর বয়সি লাই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন আদালতে বলেন, তিনি বেইজিংয়ের নিপীড়নের শিকার একজন ‘রাজনৈতিক বন্দী’। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না- এই প্রশ্নে তার আইনজীবী কোনো মন্তব্য করেননি।
লাই গণতন্ত্রপন্থী পত্রিকা ‘অ্যাপল ডেইলি’ প্রতিষ্ঠা করেছিলেন, যেটি বর্তমানে বন্ধ হয়ে রয়েছে। হংকংয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর সেখানে চীন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে, ২০২০ সালের আগস্টে গ্রেফতার হন লাই। চীনা কমিউনিস্ট পার্টির দীর্ঘ দিনের সমালোচক লাই গত পাঁচ বছরে কারাবাসের সময় ছোট কয়েকটি অপরাধেও দণ্ডিত হয়েছেন।



