খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিদেশী পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
সোমবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সঙ্কেত দেয়া হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচ থেকে ম্যাগাজিনসহ দু’টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ক্রিস্টাল আইসের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি টাকা।



