সেতুতে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

Printed Edition
ফুলপুরে সংযোগ সড়কবিহীন একটি সেতু : নয়া দিগন্ত
ফুলপুরে সংযোগ সড়কবিহীন একটি সেতু : নয়া দিগন্ত

মফিজুল ইসলাম অলি ফুলপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলপুরে একটি সেতুর কারণে গত এক বছরেরও বেশি সময় চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। এ যেন উন্নয়ন কাগজে কলমেই থেমে আছে বাস্তাবে তা বহুদূর। ভাইটকান্দি ইউনিয়নের সুতারকান্দি ও ছোট চিলাগাই গ্রামের মাঝখানে খড়িয়া নদীর ওপর ৯ কোটি চার লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এক বছর ধরে পড়ে আছে অকেজো অবস্থায়। দুই পাশে নেই সংযোগ সড়ক।

বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) তত্ত্বাবধানে ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় ৮৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি ২০২৩ সালের মে মাসে শুরু হয়ে ২০২৪ সালের অক্টোবরে শেষ হয়। কিন্তু সংযোগ সড়ক না হওয়ায় সেতুটি জনগণের কোনো কাজে আসছে না।

সেতুর পাটাতন ভূমি থেকে প্রায় ১০ ফুট উঁচু। তাই যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও পারাপার করা কষ্টসাধ্য। স্থানীয়রা কিছু মাটির বস্তা ফেলে কোনোভাবে চলাচলের চেষ্টা করছেন। তবে বয়স্ক বা অসুস্থ মানুষের জন্য এটি একেবারেই অসম্ভব। এতে দুই গ্রামের বাসিন্দাদের এখনো পাঁচ কিলোমিটার ঘুরে ভাইটকান্দি বা দ্বারাকপুর হয়ে যাতায়াত করতে হচ্ছে। সুতারকান্দি গ্রামের স্বাস্থ্যকর্মী আবু তারিক বলেন, ‘আগে এখানে ফেরিঘাট ছিল, নৌকায় সহজেই পারাপার করা যেত। সেতু হওয়ার পর ফেরিঘাট বন্ধ, কিন্তু সড়ক না থাকায় এখন আরো বেশি কষ্ট পোহাতে হচ্ছে।’

কৃষক রবিজল জানান, ‘সেতু ব্যবহার না করতে পারায় কৃষিপণ্য পরিবহনে হচ্ছে অতিরিক্ত খরচ। দুইপারের বাজারে একই পণ্যের দামে মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত পার্থক্য থাকে।’

আরেক কৃষক সাইদুল ইসলাম বলেন, ‘নদী পার হয়ে ইউনিয়ন পরিষদে যেতে চার কিলোমিটার ঘুরতে হয়। শিক্ষার্থীদেরও স্কুলে যাতায়াতে প্রচণ্ড ভোগান্তির শিকার হতে হচ্ছে।’

এলজিইডির ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘সংযোগ সড়কের অংশে কিছু জায়গা ব্যক্তিমালিকানাধীন। মালিকের আপত্তির কারণে এখনো মাটি ভরাট করা যায়নি। বিষয়টি সমাধানের জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এ অঞ্চলের মানুষ বলছেন, উন্নয়নের নামে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও এর সুফল তারা পাচ্ছেন না। সেতুটি এখন এক রকম ‘বেকার’ উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যেখানে সেতু আছে কিন্তু রাস্তা নেই।