সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভার পৌর মহিলা দলের নবগঠিত কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও অর্থ বাণিজ্যের মাধ্যমে হাইব্রিডদের পদ দেয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেত্রীরা। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাভার প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা মহিলা দলের সাবেক সদস্য মৌসুমি আক্তারের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত নারী কর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে মৌসুমি আক্তার অভিযোগ করেন, আমরা আ’লীগের সময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করে নানা নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু বর্তমান কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের রাখা হয়েছে, যাদের দলের জন্য কোনো অবদান নেই। মোটা অঙ্কের অর্থ বাণিজ্যের মাধ্যমে এই কমিটি দেয়া হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, সাভারের সাবেক পৌর বিএনপি সভাপতি মরহুম খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর অনুসারী হয়ে রাজনীতি করায় তাদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, বিল্টু ভাই বা কফিল ভাই কেউ আওয়ামী লীগ করেননি, তারা বিএনপির ত্যাগী নেতা ছিলেন। আমরা তো মূলত জিয়া ও খালেদা জিয়ার দল করেছি। তাহলে কেন আমাদের বাদ দেয়া হলো?