কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের মসজিদে নামাজ বন্ধ

Printed Edition

এনডিটিভি

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে অবস্থিত ১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদে জামাতের সাথে নামাজের জন্য প্রবেশপত্র (পাস) ইস্যু স্থগিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তাই অন্য সবকিছুর ঊর্ধ্বে।

১৩৬ বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদটি ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত। এটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত। বর্তমানে দমদম বিমানবন্দরে দু’টি রানওয়ে রয়েছে। প্রধান রানওয়েটি নিয়মিত বিমান ওঠানামার জন্য ব্যবহৃত হয়, আর দ্বিতীয় রানওয়েটি তুলনামূলকভাবে ছোট। মসজিদটি ওই দ্বিতীয় রানওয়ের খুব কাছাকাছি অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, কোনো কারণে প্রধান রানওয়েটি রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখতে হলে বড় আকারের বিমান পরিচালনায় জটিলতা তৈরি হবে। বিমানবন্দর কর্মকর্তাদের দাবি, মসজিদটির অবস্থান বিমান ওঠানামার ক্ষেত্রেও নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি করছে। একই সাথে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও এ কারণে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।

গত শনিবার থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ মসজিদে প্রবেশের জন্য গেট পাস বা প্রবেশপত্র দেয়া বন্ধ করে দেয়। এর ফলে সেখানে জামাতে নামাজ আদায়ও বন্ধ রয়েছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এলাকায় পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

মসজিদ কমিটির সভাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী মন্ত্রিসভার সাবেক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী নামাজের জন্য প্রবেশ বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি বলেন, মসজিদটি ১৩৬ বছরেরও বেশি সময় ধরে সেখানে রয়েছে। বিমানবন্দর ও সরকারি কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকলেও নামাজ আদায়ের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া ঠিক হয়নি।

বার্তা সংস্থা পিটিআইকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘মসজিদটি ১৩৬ বছরেরও বেশি সময় ধরে ওখানে আছে এবং এই বিষয়ে আলোচনা চলছে। আমরা যেকোনো সৌহার্দ্যপূর্ণ সমাধানের জন্য প্রস্তুত। নামাজ পড়ার প্রবেশাধিকার বন্ধ করার কোনো প্রয়োজন ছিল না।’