ক্রাইমিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত নিহত ২৯

Printed Edition
এএন-২৬ পরিবহন বিমান
এএন-২৬ পরিবহন বিমান

রয়টার্স

রাশিয়ার সামরিক বাহিনীর একটি এএন-২৬ পরিবহন বিমান ক্রাইমিয়া উপদ্বীপের এক খাড়া পহাড়ের ঢালে বিধ্বস্ত হয়ে ২৯ আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দুর্ঘটনার খবর দিয়েছে।

মন্ত্রণালয়টিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ক্রাইমিয়ার উপর দিয়ে পরিকল্পিত ফ্লাইটে থাকা বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২০১৪ সালে ইউক্রেইন থেকে রাশিয়ার দখলে যাওয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত পবর্তমালায় ছাওয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাস জানিয়েছে, একটি তল্লাশি ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলটি খুঁজে পেয়েছে। বিমানটিতে থাকা ২৩ যাত্রী ও ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন। কিন্তু বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন মন্ত্রণালয়টির বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।