নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরের পরে অমর একুশে বইমেলা আয়োজনসহ চার দফা দাবি জানিয়েছেন প্রকাশকরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন এসব দাবি জানানো হয়। তবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ শুরু হবে। সংবাদ সম্মেলনে প্রকাশকরা বইমেলা শুরুর এই তারিখ পরিবর্তন করে পবিত্র ঈদুল ফিতরের পরে নেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে প্রকাশকরা জানান, ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করা হলে তাঁদের ত্রিমুখী সঙ্কটে পড়তে হবে। এসব সঙ্কটের মধ্যে রয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা, লজিস্টিক ও নির্বাচনকালীন সঙ্কট এবং মানবিক ও ধর্মীয় বাস্তবতা।
মেলার সূচি রমজানের মধ্যে হওয়ায় প্রকাশকদের ব্যবসায়িক ঝুঁকি রয়েছে। তাই ফেব্রুয়ারির মেলায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে ৩১ জন প্রকাশক। আর ১৫২ জন প্রকাশক মেলায় অংশগ্রহণ করার বিষয়ে একেবারেই অনিচ্ছুক।
সংবাদ সম্মেলনে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, ৯ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংখ্যাগরিষ্ঠ প্রকাশকের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের ঘোষণা দিতে হবে। এ ছাড়া প্রকাশকদের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা বিবেচনায় স্টল ভাড়া মওকুফ ও সরকারি খরচে স্টলের সম্পূর্ণ কাঠামো তৈরি করে দেয়ার দাবিও জানানো হয়।
এছাড়া বই কিনতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পয়লা বৈশাখের মতো বিশেষ ‘বই-ভাতা’, প্রণোদনা চালু ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারের বই ক্রয়নীতি সংস্কারেরও তিনি দাবি জানান। মাহরুখ মহিউদ্দিন বলেন, বইপড়ার সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে প্রকাশকদের বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু পবিত্র রমজানের মধ্যে বইমেলা শুরু হলে প্রকাশকদের পক্ষে বইমেলায় অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়বে। তিনি বলেন, ‘প্রকাশকরা মেলায় অংশ নিতে চায়, কিন্তু লোকসানের বোঝা মাথায় নিয়ে ধ্বংস হতে চায় না।’
সংবাদ সম্মেলন শেষে সর্বস্তরের প্রকাশকদের পক্ষে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি জমা দেয়ার কথা জানান আয়োজকরা।
আদর্শ প্রকাশনার স্বত্বাধিকারী মাহাবুব রাহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অনন্যা প্রকাশকের স্বত্বাধিকারী মনিরুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রথমা প্রকাশনের পান্ডুলিপি সমন্বয়ক মোবারক হোসেন, কাকলি প্রকাশনার স্বত্বাধিকারী নাসির আহমেদ, রিদম প্রকাশনা সংস্থার গফুর হোসেন, বাপুসের সাবেক সভাপতি আলমগীর শিকদার প্রমুখ।



