রাজপথে মৃত্যুর হানা

গাজীপুর ও নওগাঁয় ২ যুবক নিহত

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় গাজীপুরের পোড়াবাড়ি ও নওগাঁর রানীনগরে ২ যুবক নিহত হয়েছেন।

গাজীপুর জেলা প্রতিনিধি জানান, গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় শনিবার দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক সোহানুর রহমান সোহাগ (২৮) গাজীপুর মহানগরের ২৩ নং ওয়ার্ডের ভাওরাইদ এলাকার বাসিন্দা গফুর মোক্তারের ছেলে।

গাজীপুর সদর মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে সোহাগ রাস্তা পার হচ্ছিলেন, ঠিক সেই সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের অনুরোধে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। রানীনগর (নওগাঁ) প্রতিনিধি সংবাদদাতা জানান, নওগাঁর রানীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিপন হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার রানীনগর-আবাদপুকুর সড়কের খানপুকুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন হোসেন উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া সরদারপাড়া গ্রামের দুলু সরদারের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে ব্যক্তিগত কাজে রিপন হোসেন বাড়ি থেকে রানীনগর বাজারে আসছিল। পথে খানপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের প্লিয়ারের সাথে ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি। লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।