রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল পৌনে ৪টায় তিনি সেখানে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকরা। কাচঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষে ছিল প্রধানমন্ত্রীর বসার জন্য নির্ধারিত স্থান। তবে সেই কক্ষ থেকে হঠাৎ বের হয়ে ট্র্যাকের পাশে চলে আসেন তারেক রহমান। মেয়েদের ফুটবল শেষে দু’টি স্প্রিন্ট সামনে থেকে উপভোগ করেন প্রধানমন্ত্রী। সমাপনীতে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দু’টি ফাইনাল এবং দু’টি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
পরে বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল শেষে প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর থিম সংয়ের সাথে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন তারেক রহমান।



