মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জের গুলিশাখালী ফাজিল মাদরাসার এক শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টায় মাদরাসার মূল ফটকের সামনের সড়কে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও প্রভাব খাটিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। তার বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত শনিবার সকালে গুলিশাখালী বাজারে মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শেখ আব্দুল্লাহ মাসুদকে তিনি মারধর ও লাঞ্ছিত করেন।
এরই প্রতিবাদে গতকাল অর্ধবার্ষিক পরীক্ষার তৃতীয় দিনের পরীক্ষা বর্জন করে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। মানববন্ধনে উপাধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলামসহ অন্য শিক্ষকরা বলেন, এই হামলার বিচার এবং সাবেক অধ্যক্ষের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে না।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, মাদরাসার অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি নিয়ে আমি সহকারী অধ্যক্ষের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা বর্জন না করে, সেই নির্দেশনা দেয়া হয়েছে।



