হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তারা ঢাকা, ময়মনসিংহ, নেত্রকোনা ও বরিশালে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬০ জন। এর মধ্যে ৯৯০ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪১ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩২ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭২৫ জন। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ৪৪২ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩৯ হাজার ১৯৫ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ছয় হাজার ২৩৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১০৯, রাজশাহীতে ৯২, ময়মনসিংহে ৭১, চট্টগ্রামে ৬৭, বরিশালে ৬৩, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।