লংগদুতে গণ-অধিকার পরিষদ নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

Printed Edition
লংগদু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার : নয়া দিগন্ত
লংগদু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার : নয়া দিগন্ত

লংগদু (রাঙামাটি) সংবাদদাতা

রাঙামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে বসতবাড়ি দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগে গতকাল সোমবার লংগদু প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাড়ির মালিক হৃদয় ও তার পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে হৃদয় অভিযোগ করেন, ২০১৬ সালে তিনি ওই জায়গা কিনে বসতবাড়ি নির্মাণ করেন। ২০১৮ সালে চুক্তির মাধ্যমে বাড়িটি আব্দুছ ছাত্তারের কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী মাসিক এক হাজার টাকা ভাড়া দেয়ার কথা ছিল। ২০২৪ সাল পর্যন্ত ভাড়া পরিশোধ করলেও ২০২৫ সাল থেকে তা বন্ধ করে দেন ছাত্তার। পরে তিনি বাড়িটি নিজের বলে দাবি করে দখলে রাখেন বলে অভিযোগ করেন হৃদয়।

হৃদয়ের আরো অভিযোগ, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য থানা-পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে একাধিকবার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। বর্তমানে তাকে ও পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হৃদয় বলেন, ‘জোর করে আমার বাড়ি ভাড়া নিয়ে এখন দখল করে রাখা হয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার চাই।’

অভিযোগের বিষয়ে আব্দুছ ছাত্তারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বাড়ির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের আইনগত নিষ্পত্তির দাবি জানিয়েছেন হৃদয় ও তার পরিবারের সদস্যরা।