মিরসরাই আসনে জামায়াতের প্রার্থীকে হিন্দু সম্প্রদায়ের বরণ

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমানকে ঢাকঢোল পিটিয়ে, উলুধ্বনি দিয়ে এবং ফুল ছিটিয়ে বরণ করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষজন। কয়েকদিন আগে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জেলে পাড়ায় এ ঘটনা ঘটলেও ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাপনা পুকুর এলাকায় এক উঠান বৈঠকে অংশ নিতে গেলে শতাধিক হিন্দু নারী-পুরুষ তাকে ঐতিহ্যবাহী রীতিতে বরণ করেন। এ সময় কেউ ফুল ছিটিয়ে, কেউ ঢাকঢোল বাজিয়ে তাকে স্বাগত জানান। নারীরাও উৎসবে অংশ নেন এবং উলুধ্বনি দেন। প্রার্থী সাইফুর রহমানও উপস্থিতদের উদ্দেশে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান।

জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌর এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন। মসজিদে মসজিদে গিয়ে ভোট ও দোয়া চাওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীরাও তাকে ধর্মীয় রীতিতে বরণ করেছেন। কোথাও কোথাও স্থানীয়রা তাকে নিয়ে গানের আসরও আয়োজন করেছেন বলে জানা গেছে।