যে বর্জ্য ছিল ঢাকার বোঝা, সেই বর্জ্যই এখন শিক্ষা উপকরণ : সেলিম উদ্দিন

Printed Edition
মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক হাসপাতালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন  : নয়া দিগন্ত
মিরপুরের সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক হাসপাতালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্ভাব্য ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, যে বর্জ্য ছিল ঢাকার বোঝা, সেই বর্জ্যই এখন শিক্ষা উপকরণে পরিণত হয়েছে। গতকাল বুধবার সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের শিক্ষক ও চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। পরে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে হাসপাতালের জন্য উপহার হস্তান্তর করেন তিনি।

ডা: শফিকুর রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী হাসপাতালের এক্স-রে মেশিন পরিচালনার জন্য একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার, ল্যাবে ব্লাড টেস্টের প্রয়োজনীয় রিএজেন্ট এবং হাসপাতালের বেডের জন্য ম্যাট্রেস হস্তান্তর করা হয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবার প্রশংসা করেন। এ সময় তিনি বর্জ্য থেকে পরিবেশবান্ধবভাবে তৈরি কলম কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বর্জ্য থেকে কলম তৈরিতে ভবিষ্যতে আরো বড় পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যকে কেন্দ্র করে কাগজ, কলমসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদনের শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, ‘চলো বদলে দেই ঢাকা উত্তর’- এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতেই তারা কাজ করছেন। রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা থাকলে জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক ও কার্যকর উদ্যোগ নেয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে শূরা ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিকসহ নেতৃবৃন্দ।