জামায়াতের গণমিছিল ৩৬ জুলাই

সংবিধান সংস্কারের শপথ না নিয়ে জাতীয় ঐক্যে ফাটল ধরিয়েছে সরকার : সেলিম উদ্দিন

Printed Edition
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন  : নয়া দিগন্ত
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) রাজধানীতে জামায়াতে ইসলামী গণমিছিল করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না করে সরকার জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি করেছে।

গতকাল রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর কার্যালয়ে আয়োজিত ৩৬ জুলাই নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই আধিপত্যবাদের বিরুদ্ধে হুংকার এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। বিএনপি ক্ষমতায় আসার আগে জুলাইকে ঘিরে যে কথা বলেছিল, ক্ষমতায় এসে তার বিপরীত অবস্থান নিয়েছে।

এ সময় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ১ থেকে ১০ জুলাই : গ্রাফিতি অঙ্কন, ১১ থেকে ১৬ জুলাই : শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা, ১৭ থেকে ৩০ জুলাই : শাহাদতের ঘটনাস্থলভিত্তিক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী, ২৪ জুলাই : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্মরণ করে শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, ৩১ জুলাই : মসজিদে মসজিদে শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, ১ থেকে ৪ আগস্ট : ওলামা, শ্রমিক ও মহিলা সমাবেশ ও ৫ আগস্ট (৩৬ জুলাই) : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল।

ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।