তিন দিনেই জিতেছে নিউজিল্যান্ড

Printed Edition

ত্রীড়া ডেস্ক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৫-২০২৭ চক্রে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিন দিনেই হারিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল কিউইরা। জ্যাকব ডাফির পাঁচ উইকেটের বদৌলতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ডাফি ও মাইকেল রের বোলিং তোপের সামনে সুবিধা করতে পারেননি উইন্ডিজ কোনো ব্যাটারই। ম্যাচের তৃতীয় দিন মাত্র ৯৬ রানে ৮ উইকেট হারায় রোস্টন চেজের দল। ম্যাচসেরা ডাফি পাঁচটি ও মাইকেল রে নেন ৩ উইকেট। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হার ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ইনিংসে সফরকারীদের করা ২০৫ রানের জবাবে ৯ উইকেটে ২৭৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দল। ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ফলে জয়ের জন্য মাত্র ৫৬ রানের সহজ লক্ষ্য পায় নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে টম লাথামের একমাত্র উইকেট হারিয়ে ৫৭ রান তোলে ব্লাক ক্যাপসরা। ডেভন কনওয়ে ২৮ ও কেন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে দ্বিতীয় দিনের ৩২ রান ও আট উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে কিউই পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শাই হোপরা। তৃতীয় দিনের প্রথম সেশনেই ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট তুলে নেন ডাফি। দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে অবদান রাখেন অভিষিক্ত মাইকেল রে। ক্যারিবীয়দের হয়ে একাই লড়াই করেন কাভেম হজ। সর্বোচ্চ ৩৫ রান করনে তিনি। এ ছাড়া জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে ২৫ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এ চক্রে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে জয়শূন্য ওয়েস্ট ইন্ডিজ।